গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। মুক্তির বহু আগে থেকেই সিনেমাটি নিয়ে অনুরাগীদের উন্মাদনা ছিল তুঙ্গে। মুক্তির পরে বক্স অফিসেও রয়েছে তার ছাপ।
দু’সপ্তাহ পূর্ণ করার আগেই বিশ্বব্যাপী ৯০০ কোটি আয় করে নিয়েছে সিনেমাটি। এরই মধ্যে সিনেমার পরিচালক অ্যাটলি কুমার জানিয়েছেন, অস্কারের মঞ্চে ‘জওয়ান’কে পৌঁছে দিতে চান তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতা অ্যাটলি বলেছেন, “অস্কারে ‘জওয়ান’ এর যাওয়া উচিত, যদি সবকিছু ঠিকঠাক থাকে।
আমি মনে করি প্রতিটি প্রচেষ্টা, প্রত্যেক পরিচালক, প্রত্যেক প্রযুক্তিবিদ, অভিনেতা-কলাকুশলী যারা সিনেমায় কাজ করছেন, তাদের চোখ গোল্ডেন গ্লোব, অস্কার, জাতীয় পুরস্কারের দিকে।
“তাই অবশ্যই হ্যাঁ, আমি ‘জওয়ান’কে অস্কারে নিয়ে যেতে চাই। দেখা যাক, আমার মনে হয় খান স্যার সাক্ষাৎকারটি দেখবেন এবং পড়বেন। আমি তাকে ফোন করে জিজ্ঞেস করব, স্যার, আমরা কি সিনেমাটি অস্কারে নিয়ে যাব?”
‘জওয়ান’ এ শাহরুখ ছাড়াও অন্যতম মুখ্য চরিত্র হিসেবে রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত। সিনেমায় বাবা-ছেলে দুই ভূমিকাতেই দেখা গেছে শাহরুখকে।
