কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন শিশুর নানা পর্তুগাল প্রবাসী আনোয়ার হোসেন শিহাব।
জানা গেছে, উপজেলার কাশিনগর ইউনিয়নের সাতবাড়িয়া দাতামা গ্রামের আবদুল কুদ্দুসের স্ত্রী সুমাইয়া আক্তার তাঁর শিশু সন্তান তাবাসসুম সুলতানাকে নিয়ে এক মাস আগে উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসেন।
মঙ্গলবার দুপুরে নানার বাড়িতে খেলার ছলে হঠাৎ বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তাবাসসুম সুলতানা। কিছুক্ষণ পর তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার শেষে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে নানার বাড়ি ও নিজ বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
পর্তুগাল প্রবাসী আনোয়ার হোসেন শিহাব মঙ্গলবার বিকেলে বলেন, আদরের নাতনি বেড়াতে এসে আমার বাড়িতেই পানিতে ডুবে মৃত্যুবরন করেছে। এই দুঃখ কিভাবে সইবো? আল্লাহ, তাকে জান্নাতবাসী করুন।
চট্টগ্রাম নিউজ / এসডি/
