ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা ।
বুধবার (১২ মার্চ) সকালে চমেক অ্যাকাডেমিক ভবনের সামনে ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় জরুরি বিভাগ ছাড়া সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে হাসপাতালে।
আন্দোলনরত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দীর্ঘ আন্দোলনের পরেও দাবি আদায়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। আমরা শুধু আশ্বাসই পেয়েছি, বাস্তবসম্মত কোনো সমাধান হয়নি।
চিকিৎসক ও শিক্ষার্থীরা ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, আদালতের রায় যদি তাদের বিপক্ষে যায়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন, যা হাসপাতালে সেবার সংকট আরও বাড়িয়ে তুলতে পারে।
এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) শিক্ষার্থী ফারহান হোসেন বলেন, ‘আমরা দিনের পর দিন ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে আন্দোলন করছি। কিন্তু এখনো আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। আমরা চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষার জন্য এই লড়াই চালিয়ে যাব। যদি আমাদের কথা না শোনা হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।
চিকিৎসকদের আন্দোলনের অংশ হিসেবে সরকারি-বেসরকারি সব হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা বন্ধ রয়েছে। ঘোষণা অনুযায়ী, বৈকালিক সেবাও বন্ধ রাখা হবে। তবে চমেক হাসপাতালের আইসিইউ, সিসিইউ, ক্যাজুয়ালটি বিভাগ, এডমিশন ইউনিট এবং লেবার ওয়ার্ড চালু থাকবে, যাতে সংকটাপন্ন রোগীদের চিকিৎসা ব্যাহত না হয়।
এর আগে মঙ্গলবার সিভিল সার্জন বরাবর স্মারকলিপি দেন শিক্ষানবিশ চিকিৎসকরা। এসময় চমেক ছাড়াও নগরে অন্যান্য বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
দাবিগুলো হল- এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবী লিখতে পারবে না। বিএমডিসি নিবন্ধন শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সাল থেকে সরকার ম্যাটসদের (মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া শুরু করেছে। এই ম্যাটসদের বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।
আর এইচ/
