চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার জাতিসংঘ পার্কের পাশে প্রাইভেট কার থেকে ছুঁড়ে ফেলে দেওয়া পুঁটলিতে বাঁধা একটি নবজাতক শিশুকে উদ্ধার করেছে ৬ তরুণ।
রবিবার ২৪ জুলাই ২২ ইং রাত ১০ টায় নগরীর পাঁচলাইশ থানার জাতিসংঘ পার্কের পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এসময় সেখানে আড্ডা দেওয়া তরুণরা নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
নবজাতক উদ্ধারের বিষয়ে প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী তরুণ মোঃ সাদেক রেজা বলেন, আমরা ৬ বন্ধু পার্কের পাশে আড্ডা দিচ্ছিলাম।সেসময় একটি প্রাইভেট কার থেকে পুঁটলির মতো একটা জিনিস ছুঁড়ে ফেলা হয়। ময়লা আবর্জনা ভেবে প্রথমে তেমন গুরুত্ব দিইনি আমরা।কিছু সময় পর ওই স্থান থেকে কান্নার শব্দ ভেসে আসতে থাকে। সেই স্থানে গিয়ে পুঁটলিতে বাঁধা একটি নবজাতক শিশু দেখতে পাই আমরা। এসময় আমার সাথে থাকা বন্ধু মানিক, রাসেল, জুয়েল, মিঠুন সিং, মো. আবুু নাসের, সজল, বিশ্বজিৎসহ আমরা বন্ধুরা বাচ্চাটিকে সে স্থান হতে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। কিন্তু বাচ্চাটির কোনো জন্মপরিচয় না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে চিকিৎসা দিতে দেরী করে। এসময় পুলিশি ঝামেলা শেষে শিশুটির চিকিৎসা পেতে প্রায় তিন ঘণ্টা দেরি হয়।পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে নিউরোসার্জারী বিভাগে ভর্তি করান।
নিউরোসার্জারি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসক জানান, শিশুটি সম্পুর্ন সুস্থ রয়েছে। তবে তার কপালে একটি জন্মগতভাবে মাংসপিন্ড থাকলেও অপারেশনের মাধ্যমে সেটি সারিয়ে নেওয়া যাবে।
এ বিষয়ে নবজাতককে উদ্ধারকারী তরুণদের একজন বিশ্বজিৎ বলেন, উদ্ধারের পর বাচ্চাটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগে ভর্তি করানো হলেও এখনো পর্যন্ত তার কোন পরিচয় জানা যায়নি।যদি উদ্ধারকৃত নবজাতকের দায়িত্ব কোন স্বচ্ছল পরিবার নেয় তবে শিশুটির জীবন অনিশ্চয়তার হাত থেকে রক্ষা পাবে।
বাচ্চাটিকে হাসপাতালে ভর্তির সময় উপস্থিত থাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির কনস্টেবল বাবুল চাকমা বলেন,সাদেক রেজাসহ তার বন্ধুরা নবজাতক শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। যদি কেউ এই নবজাতকের ভরনপোষণের দায়িত্ব নিতে চান তাহলে ভাল হয়।
