চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছিল।
শুক্রবার (১৫ মে) দুপুরে পাইন্দং ডলু আশ্রয়ণ প্রকল্পের পাশের একটি টিলার খাদ থেকে মানুষের মাথার খুলি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া এই মাথাটি গত ৯ মে একই এলাকা থেকে উদ্ধার হওয়া সেই মস্তকবিহীন লাশের।তবে বিষয়টি নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাইন্দং ডলু আশ্রয়ণ প্রকল্পের ১৬ নম্বর ঘরের বাসিন্দা শিরু আক্তার দুপুরে ছাগল খুঁজতে গিয়ে টিলার খাদে সাদা রঙের একটি বস্তু দেখতে পান। কাছে গিয়ে সেটি মানুষের মাথার খুলি বলে বুঝতে পারেন। পরে আতঙ্কিত হয়ে তিনি পাশের দোকানদার আজমকে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
শিরু আক্তার বলেন, “ছাগল খুঁজতে গিয়ে নিচে সাদা রঙের মাথার মতো কিছু দেখতে পাই। কাছে গিয়ে বুঝতে পারি এটি মানুষের মাথার খুলি। ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে আসি। পরে সবাইকে জানালে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে”
ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গত ৯ মে ওই এলাকার একটি আকাশমনি বাগানের ভেতর থেকে উলঙ্গ অবস্থায় একটি মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছিল। মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বের মধ্যে এই মাথার অংশটি পাওয়া গেছে।
রফিকুল ইসলাম আরও জানান, এটি বর্তমানে এমন অবস্থায় রয়েছে যেখানে চুল ছাড়া আর কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে এটি ওই উদ্ধার মরদেহেরই বিচ্ছিন্ন অংশ। বিষয়টি আরও নিবিড়ভাবে তদন্ত ও পর্যবেক্ষণ করছে ফটিকছড়ি থানা পুলিশ। তবে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ বিশ্লেষণ করা হবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে।”
চট্টগ্রামনিউজ/ এসডি/
