বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম পর্বের শিরোপা জিতেছে সানশাইন গ্রামার স্কুল।
আজ শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের ফাইনাল ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেলে টসের মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়। আর তাতে টসে জিতে শিরোপা জিতে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে সানশাইন গ্রামার স্কুল। রানারআপ হয়েছে প্রবর্তক স্কুল এন্ড কলেজ।
সকালে টসে জিতে ব্যাট করতে নামা প্রবর্তক স্কুল এন্ড কলেজ ৯ রানে ৫ উইকেট হারালেও শেষ পর্যন্ত ৩৫.২ ওভারে ৯৩ রান করে অল আউট হয়। দলের পক্ষে ওয়াসি ৩৭ এবং শরীফ ২৫ ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। সানশাইন গ্রামার স্কুলের পক্ষে ৩টি উইকেট নিয়েছে আবীর। ২টি করে উইকেট নিয়েছে আদিল এবং তামিনুল।
জবাবে ব্যাট করতে নামা সানশাইন গ্রামার স্কুল ১.২ ওভারে ৯ রান করলে শুরু হয় বৃষ্টি। ফলে আর মাঠে গড়াতে পারেনি খেলা। ফলে টসের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারন করতে হয়। আর তাতে জিতে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে সানশাইন গ্রামার স্কুল। আগামীকাল রোববার নোয়াখালী জেলা স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন সানশাইন গ্রামার স্কুল।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নব নির্বাচিত পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিজেকেএস এডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন, বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মশিউল আলম স্বপন। সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু, এ এস এম সাইফুদ্দিন চৌধুরী, প্রবীন কুমার ঘোষ, বিসিবির চট্টগ্রাম বিভাগীয় কোচ মুমিনুল হোক, চট্টগ্রাম জেলা কোচ মাহবুবুল করিম মিঠু সহ উভয় দলের খেলোয়াড় এবং কর্মকর্তাবৃন্দ।
চট্টগ্রাম নিউজ / এসডি/
