বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। তার ছেলে বলিউড সুপারস্টর অভিষেক বচ্চন সম্প্রতি একটি লাইভ শোতে অংশ নিয়েছিলেন। ওই অনুসষ্ঠানে তার বাবাকে নিয়ে রসিকতা করায় রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। তাই লাইভ শো ছেড়ে বের হয়ে যান তিনি।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ‘কেস তো বনতা হ্যায়’-এর স্টুডিওতে অতিথি হিসেবে গিয়েছিলেন অভিষেক বচ্চন। চলছিল লাইভ সম্প্রচার। শো’র কমেডিয়ান পরিতোষ হঠাৎই অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা শুরু করেন।
বাবা অমিতাভের নামে পরিতোষের মুখে রসিকতা শুনে রেগে যান অভিষেক। সোজা বেরিয়ে যান শোয়ের মাঝখান থেকে। অভিষেকের এমন কাণ্ডে অনেকটা স্তব্ধ হয়ে যান বিচারকের আসনে বসা রীতেশ দেশমুখ ও কুশা কাপিলা। অভিষেকের একটাই কথা, আমাকে নিয়ে যত খুশি রসিকতা করুন। কিন্তু বাবাকে নিয়ে নয়। মানুষকে সম্মান করতে শিখুন।
এরপর অভিষেককে শান্ত করার চেষ্টা করেন পরিতোষ। তখন অভিষেক বলেন, এটা নেওয়া যাচ্ছে না। মানুষ মানুষকে একটু তো সম্মান দিতেই পারে! লোক হাসাতে যা খুশি তাই বলে দেওয়া যায় নাকি?
অভিষেকের ওই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। নেটিজেনরা বিষয়টি নেগেটিভভাবেই নিয়েছেন। অনেকেই বলেছেন রসিকতা করলেও একটা লিমিটের মধ্যে করা উচিত। অনুষ্ঠানের টিআরপি বাড়াতে এভাবে ছেলের সামনে বাবাকে নিয়ে মজা করার কোনো মানেই হয় না।
প্রসঙ্গত, রসিকতা করতে গিয়ে রাগিয়ে ফেলার মতো ঘটনা মাঝেমধ্যেই বলিউডসহ অন্যান্য শোবিজ অঙ্গনে ঘটে। কিছু দিন আগেই স্ত্রীকে নিয়ে রসিকতা করায় অস্কারের মঞ্চে কৌতুক অভিনেতা ও উপস্থাপক ক্রিস রককে প্রকাশ্যে গালে চড় মারেন হলিউড সুপারস্টার উইল স্মিথ।
