চট্টগ্রামের সাতকানিয়ায় মাছ ধরতে গিয়ে পানির স্রোতে পা পিছলে ডোবায় পড়ে মো. আরাফাত (২১) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন।
আজ (শনিবার) বিকাল ৪ টার দিকে উপজেলার ঢেমশা ইউয়িনের ৬ নম্বর ওয়ার্ড ইসলাম মাষ্টার বাড়ির অদূরে উত্তর পার্শ্বে বিলে এ ঘটনা ঘটে।
নিখোঁজের পর পর ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরী দল ৩ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও ওই যুবককে উদ্ধার করতে ব্যর্থ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাইজ পাড়ার সোনা মিয়ার ছেলে মো. আরাফাত ঝড় ও বৃষ্টির মধ্যে শনিবার দুপুরে তার চাচাত ভাই শহিদুল ইসলামকে নিয়ে ঢেমশা ইউনিয়নের মাষ্টার বাড়ির অদূরে বিলের ডোবায় মাছ ধরতে গিয়ে পানির স্রোতে পা পিছলে ডোবায় পড়ে নিখোঁজ হয়।
এ ব্যাপারে নিখোঁজ আরাফাতের বড় ভাই আমির হোসেন বলেন, আমার ভাই মাছ ধরতে গিয়ে বিলের মাঝখানে আইল দিয়ে অন্য আইলে যাওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে যায়। পরে ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের ডুবুরী দল সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও আমার ভাইকে পাইনি।
সাতকানিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের জ্যৈষ্ঠ কর্মকর্তা হুমায়ুন কার্ণায়েন বলেন, খবর পেয়ে ডোবার পানির তলদেশে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ৩ ঘণ্টা ধরে উদ্ধার কার্যক্রম চালিয়ে ওই যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি। সন্ধ্যা হওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করেছি। আগামীকাল (রোববার) ভোরে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।
