অমর নায়ক সালমান শাহর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের আজকের দিনে (৬ সেপ্টেম্বর) চিত্রনায়ক সালমান শাহ সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে।
মাত্র তিন বছর বড় পর্দায় কাজ করার সুযোগ পেয়েছিলেন সালমান শাহ। এই অল্প সময়েই তিনি দর্শকদের হৃদয় জয় করে একের পর এক উপহার দিয়েছেন সুপারহিট সিনেমা। অভিনয় করেছেন মোট ২৭টি সিনেমায়।
মৃত্যুর ২৬ বছর পরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং তার ভক্তরা তাকে আইডল হিসেবে মনে রেখেছে। অভিনয় দক্ষতা দিয়ে তিনি দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন।
সালমান শাহর জন্ম ১৯৭১ সালে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট শহরে দাড়িয়া পাড়াস্থ তার নানা বাড়ি আব এ হায়াত ভবনে, যা এখন সালমান শাহ্ ভবন হিসেবে পরিচিত। তার পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে। যদিও তার জন্মনাম শাহরিয়ার চৌধুরী ইমন, কিন্তু চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে সালমান শাহ বলেই পরিচিত ছিলেন।
১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন সালমান শাহ। এই সিনেমার আকাশচুম্বী সাফল্য তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়।
পরবর্তী তিন বছরে তিনি মোট ২৭টি সিনেমায় কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো-‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখি’, ‘বিক্ষোভ’, ‘প্রেমযুদ্ধ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আশা ভালোবাসা’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নাই’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘স্বপ্নের নায়ক’ ইত্যাদি।
মৃত্যুর এত বছর পেরিয়ে গেলেও সালমান শাহ খুন হয়েছেন নাকি আত্মাহত্যা করেছেন, এই প্রশ্নের সঠিক উত্তর জানা যায়নি! গত ২৬ বছর ধরে চলছে তার হত্যা মামলার তদন্ত। পিবিআইয়ের সর্বশেষ প্রতিবেদনে দাবি করা হয় সালমান শাহ আত্মাহত্যা করেছেন। সালমান শাহ’র মা নীলা চৌধুরী এই তদন্ত প্রতিবেদন মানতে নারাজ। তিনি শুরু থেকেই বলে এসেছেন তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
