চট্টগ্রামের পাঁচলাইশে চাকরির নামে ডেকে এনে মেয়েদেরকে জোরপূর্বক পতিতাবৃত্তিতে লিপ্ত করানোর অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (২২ আগস্ট) রাতে পাঁচলাইশের বন গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন সামার হিল আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- আব্দুল জলিল (৪৫), মো. লিটন (৪০), মো. কামাল হোসেন (৩৫), আবদুল খালেক (৩৬), মো. সেলিম (৩৭), মো. হারুন (৩৩) ও সাইফুল ইসলাম (৩৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন।
তিনি বলেন, পাঁচলাইশের একটি আবাসিক এলাকায় মেয়েদের জোর করে পতিতাবৃত্তি করানো হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এসময় তাদের হেফাজত হতে ১০ জন ভিকটিমকে উদ্ধার করা হয়, যাদেরকে দীর্ঘদিন জোরপূর্বক আটক রেখে পতিতাবৃত্তি করতে বাধ্য করা হত।
তিনি আরও বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা পরস্পরের যোগসাজশে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন দালালের মাধ্যমে কৌশলে মেয়ে সংগ্রহ করে বাসায় আটক রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করতো। কোন মেয়ে পতিতাবৃত্তির কাজে অনীহা প্রকাশ করলে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
