দেশে পরিবহনে ব্যবহৃত ছোট লাইটারেজ জাহাজের ভাড়া সাত মাসের ব্যবধানে আবারও বাড়ানো হয়েছে।
নতুন ভাড়ার হিসাবে চট্টগ্রাম থেকে ঢাকা, বরিশাল ও চাঁদপুর গন্তব্যে যেতে ভাড়া বেড়েছে ২২ শতাংশ এবং অন্যান্য গন্তব্যে যেতে ভাড়া বেড়েছে ১৫ শতাংশ।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকালে লাইটারেজ জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডব্লিউটিসি আয়োজিত সভায় ডিজেলের দাম বেড়ে যাওয়ায় লাইটারেজ জাহাজের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়।
এ বিষয়ে ডব্লিউটিসি’র নির্বাহী পরিচালক মাহবুব রশিদ বলেন, বিগত ৬ আগস্ট থেকে এ ভাড়া কার্যকর বলে ধরে নেওয়া হবে। কিছুদিন পূর্বে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। সে কারণে নতুন করে লাইটারেজ জাহাজের ভাড়ার সমন্বয় করা হয়েছে। সরকার জ্বালানি তেলের দাম কমালে ভাড়াও কমানো হবে।
আগে চট্টগ্রাম থেকে ঢাকা গন্তব্যে প্রতি টন পণ্য পরিবহনে ভাড়া ৪৭৮ কার্যতর থাকলেও টাকা। নতুন হার অনুযায়ী ২২ শতাংশ হারে ১০৫.১৬ টাকা ভাড়া বাড়বে। নতুন হিসাবে ঢাকা- নারায়ণগঞ্জ গন্তব্যে ভাড়া পড়বে ৫৮৩ দশমিক ১৬ টাকা।
চট্টগ্রাম থেকে লাইটারেজ জাহাজের মাধ্যমে দেশের ৩৪টি স্থানে নদীপথে পণ্য পরিবহন করা হয়।
