চোখ শরীরের সবচেয়ে স্পর্শকাতর অংশ। অথচ চোখের ওপরেই যাবতীয় চাপ। অফিসে দীর্ঘক্ষণ কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে থাকা, ঘন ঘন জুম মিটিং, অত্যধিক সময় মোবাইল ব্যবহার— এসব ক্ষেত্রেই সবচেয়ে বেশি চাপ পড়ে চোখের ওপর।
শরীর সুস্থ রাখতে যেমন শরীরচর্চা করা প্রয়োজন। তেমনই দৃষ্টিশক্তি ভালো রাখতে চোখের যত্ন নেওয়া জরুরি। প্রতিদিনের কিছু অভ্যাসে দেখা দিতে পারে চোখের সমস্যা। এমনকি অন্ধত্বের আশঙ্কাও দেখা দেয়।
চোখ রগড়ানোর প্রবণতা
কাজের ফাঁকে বা অবসর সময়েও অনেকেরই চোখে হাত দেওয়ার প্রবণতা রয়েছে। আঙুল দিয়ে বারবার চোখ ঘষার কারণে কর্ণিয়া দুর্বল হয়ে পড়ে। ফলে চোখ থেকে জল পড়া, চোখ চুলকানো, চোখ লাল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে
দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাওয়ার অন্যতম কারণ ডায়াবেটিস। ১৮ থেকে ৬৪ বছর বয়সি ডায়াবেটিস রোগীদের মধ্যে চোখের সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে না রাখলে ডায়াবেটিস রেটিনোপ্যাথি, ম্যাকুলার এডিমা, গ্লুকোমা এবং ছানির মতো সমস্যার ঝুঁকি বাড়ে।
ডায়াবেটিস আক্রান্তদের চোখ ভালো রাখতে বাড়তি সচেতনতা নেওয়া জরুরি। নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত চোখ দেখানো, আলাদা করে চোখের যত্ন নেওয়া জরুরি।
