চীনে ১৩৩ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা সম্পর্কে কিছু জানা যায়নি।
সোমবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, বোয়িং ৭৩৭ বিমানটি গুয়াংশির উঝুতে একটি পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। এর ফলে আশেপাশের এলাকায় আগুন ধরে যায়।
দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিসিটিভি। তবে এ দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
ফ্লাইট এমইউ৭৩৫ স্থানীয় সময় দুপুর দুইটার দিকে কুনমিং বিমানবন্দর থেকে ছেড়ে গুয়াংঝুর দিকে যাচ্ছিলো। বিমানটির দুপুর তিনটা পাঁচ মিনিটে গন্তব্যস্থলে পৌঁছানোর কথা ছিল।
তবে মাত্র ঘণ্টাখানেক ওড়ার পরই এটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিংয়ের বিভিন্ন ওয়েবসাইট।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটির সর্বশেষ তথ্য পাওয়া যায় দুপুর দুইটা ২২ মিনিটে, তিন হাজার দুইশ’ ২৫ ফুট উচ্চতায় ও ৩৭৬ নট গতিতে।
দুই ইঞ্জিন বিশিষ্ট বোয়িং ৭৩৭ বিমান স্বল্প ও মধ্যম দূরত্বের জন্য অন্যতম জনপ্রিয় বিমান। তবে ২০১৮ ও ২০১৯ সালে ৭৩৭ ম্যাক্স মডেলের দুইটি বিমান বিধ্বস্ত হওয়ার পর পৃথিবীব্যাপী এগুলোর ব্যবহার বন্ধ ছিল। চীন গত বছর পুনরায় এগুলোর ব্যবহার চালু করে।
