সোনাদিয়া চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন মো: আবু জাফর মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
অভিযানকালে মহেশখালী চ্যানেল এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৪,০০,০০০/- (চার লক্ষ টাকা) অর্থদণ্ড আরোপ করা হয়।
জব্দকৃত বালু বিধি অনুযায়ী উপজেলা প্রকৌশলী, মহেশখালী-এর মাধ্যমে নিলামের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, সোনাদিয়া দ্বীপ একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area—ECA)। এ দ্বীপ কিংবা এর আশপাশের কোনো এলাকা থেকে বালু উত্তোলন সম্পূর্ণভাবে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষার স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত ও অব্যাহত থাকবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
