আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য রেজিমেন্ট অব আর্টিলারি ও আর্মি এয়ার ডিফেন্স কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে (এসিএন্ডএস) রেজিমেন্ট অব আর্টিলারির ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসিএন্ডএসে পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া এবং কমান্ড্যান্ট, এসিএন্ডএস অভ্যর্থনা জানান।
বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান রেজিমেন্ট অব আর্টিলারি ও আর্মি এয়ার ডিফেন্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, “একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত দক্ষতা ও পেশাগত সততা অর্জন অপরিহার্য।”
পরে তিনি উভয় কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সেনাপ্রধান কোরগুলোর প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; মহাপরিচালক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর; জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া; জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, বাংলাদেশ সেনাবাহিনী; চেয়ারম্যান, বেপজা; সিনিয়র ডাইরেক্টিং স্টাফ, এনডিসি; সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা; কমান্ড্যান্ট, এসিএন্ডএস; বাংলাদেশ সেনাবাহিনীর সব আর্টিলারি ও এয়ার ডিফেন্স ব্রিগেড এবং রেজিমেন্টের অধিনায়কগণ।
গত ২৯ অক্টোবর এসিএন্ডএসে রেজিমেন্ট অব আর্টিলারির ১০ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার। একইদিন আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব নেন মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খান।
আর এইচ/
