নগরীর চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও অন্যান্য সন্ত্রাসী সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল হোতাসহ অন্তত ২৪ জন সহযোগী পুলিশি উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।
অভিযানটি পরিচালনা করেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম। চান্দগাঁও ও পাঁচলাইশ থানার যৌথ আভিযানিক দল এবং সিএমপির সোয়াত টিম বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এলাকায় অভিযান চালায়।
অভিযানে উদ্ধার করা হয় পাঁচটি বিদেশি পিস্তল, তিনটি বিদেশি বন্দুক, দুটি দেশীয় পাইপগান, একটি শর্ট শুটার গান, দুটি দেশীয় লম্বা বন্দুক, ৫৮টি তাজা কার্তুজ, ৯৫টি বুলেট, ১৩টি পিস্তলের ম্যাগাজিন, নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, ৩ হাজার ৫০০ ইয়াবা, ১ হাজার ১০০ পুরিয়া গাঁজা (ওজন সাড়ে পাঁচ কেজি), ওয়াকিটকি, ড্রোন, সিসি ক্যামেরা, ডিভিআর, ড্রিল মেশিন, বৈদ্যুতিক কাটার, মনিটর এবং একটি মোটরসাইকেল।
গ্রেফতারকৃতরা হলেন:মো. বেলাল (২৮), হৃদয় বড়ুয়া (৩০), মো. আজাদ (২৩)।
উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, “এই অভিযান দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ফল। আমরা সন্ত্রাসী ও মাদকচক্রের শক্ত ঘাঁটি ভেঙে দিতে পেরেছি। পলাতকদের গ্রেফতারে অভিযান চলমান।”
ঘটনার পর চান্দগাঁও থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে—একটি অস্ত্র আইনের অধীনে, অন্যটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, “সন্ত্রাসী বুইশ্যাকে গ্রেফতারের জন্য যৌথভাবে কয়েক দফা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নগদ টাকা, অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে, যা তাদের অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ।”
চট্টগ্রাম নগরীতে এর আগেও এই এলাকায় অভিযানে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল।
আর এইচ/
