রাউজান উপজেলা বিএনপির একাংশের নেতারা দাবি করেছেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা ও হত্যাচেষ্টা চালানো হয়েছে। বুধবার দুপুরে নগরীর নাসিমন ভবনে উত্তর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলা হয়।
রাউজান উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে গোলাম আকবর খোন্দকারের অনুসারী হিসেবে পরিচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, “গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সমর্থিত ৭০-৮০ জন অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালায়। তারা পাজেরো জিপ ভাঙচুর করে, ৯/১০টি মোটরসাইকেল পুড়িয়ে ফেলে এবং প্রায় ২০টি মোটরসাইকেল নিয়ে যায়। হামলায় গোলাম আকবরসহ অন্তত ৩০ জন আহত হন।”
তিনি বলেন, “হামলাটি পূর্বপরিকল্পিত। গোলাম আকবর খোন্দকারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয়েছে। গুলিটি যদি আর এক ইঞ্চি কাছ দিয়ে যেত, তাহলে তিনি ঘটনাস্থলেই মারা যেতেন।”
জসিম উদ্দিন আরও বলেন, “আমরা প্রয়াত নেতা মহিউদ্দিন আহমদের কবর জিয়ারতে যাচ্ছিলাম। কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। প্রশাসন আমাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছিল। কিন্তু গিয়াসউদ্দিন কাদেরের অনুসারীরা আমাদের ওপর হামলা চালায়।”
তিনি হামলাকারীদের ‘বিএনপি নামধারী সন্ত্রাসী’ আখ্যা দিয়ে দাবি করেন, “তারা বিএনপির রাজনীতিতে বিশ্বাস করে না। রাউজানে তারা খুন, চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই বাহিনী ইতোমধ্যে ১৫ জনকে খুন করেছে।”
হামলার ঘটনায় মামলা হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, মামলা করার প্রস্তুতি চলছে, তবে এখনো করা হয়নি। প্রশাসনের পক্ষ থেকেও গ্রেপ্তারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদল সভাপতি হাসান মো. জসিম, রাউজান পৌর বিএনপি সভাপতি আবু মোহাম্মদ, অ্যাড. ফরিদা বেগম, কমলেন্দু শীল, অ্যাড. আবু সাঈদ, জসিম উদ্দিন, মুরাদুল আলম, মাহবুবুল আলমসহ প্রায় ৩০ জন নেতাকর্মী।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে রাউজানের সর্তারঘাট এলাকায় গিয়াস কাদের ও গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। গোলাম আকবর খোন্দকার এই হামলার জন্য গিয়াস কাদেরকে দায়ী করলেও, গিয়াস কাদের এ অভিযোগ অস্বীকার করেছেন।
