চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ চার নেতা লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দিয়েছেন। সাবেক ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের এই দলবদলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
শনিবার (২১ জুন) বিকেলে নগরীর একটি ব্যবসায়িক কার্যালয়ে এলডিপির দক্ষিণ জেলা সভাপতি মো. এয়াকুব আলীর উপস্থিতিতে তারা প্রাথমিক সদস্যপদের ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন এলডিপি দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল।
যাঁরা যোগ দিয়েছেন: মনির আহমদ – উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা যুবলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান (কেঁওচিয়া ইউনিয়ন, ওয়ার্ড ১০), আবু তালেব সিকদার – কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড সম্পাদক ও ইউপি সদস্য, সাহেব মিয়া , ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য, রোকেয়া বেগম উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী ইউপি সদস্য (ওয়ার্ড ৭,৮,৯)।
এর আগে ধর্মবিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য শামসুল ইসলামও এলডিপিতে যোগ দেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
এই দলবদলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। জামায়াতে ইসলামীর কেরানীহাট শাখার কাজী ওসমান গণি লিখেছেন, “হাইরে এলডিপি, কেঁওচিয়ার আওয়ামী লীগকে পুনর্বাসন চলছে…”।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবুল কালাম আজাদ লিখেছেন, সাতকানিয়ার বড় বড় আওয়ামী লীগ নেতাদের শ্রেষ্ঠ আবিষ্কার গুলো অন্য দলের যোগদানের হিড়িক চলছে। সবশেষে লিখেন, আমাদের নেতাদের থেকে এখন একটি কথা জানতে বড় মন চাই, ‘তোয়ারার বিষ মইজ্জে নে এহন ‘।
সাবেক ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মাসুম ফেসবুকে মন্তব্য করেন, “জাতীয় বেঈমানদের চিনে রাখবে প্রিয় কেঁওচিয়াবাসী।”
দলে যোগদানের প্রতিক্রিয়ায় মনির আহমদ বলেন, আমি আওয়ামী লীগের একজন সমর্থক ছিলাম। দলে আমার কোন পদবী ছিল না। বর্তমানে আমি এলডিপির সমর্থক হিসেবে ফরম পূরণ করেছি।
আবু তালেব মেম্বার বলেন, আওয়ামী লীগের রাজনীতি করে কিছুই পায়নি। মানুষের সাথে কোন অন্যায় আচরণ ও অত্যাচার করিনি। তারপরও জেল জুলুমের শিকার হয়েছি। তাই সদস্য ফরম পূরণ করে এলডিপিতে যোগদান করেছি।
সাহেব মিয়া মেম্বার বলেন, আমাদের পরিষদের চেয়ারম্যান ওচমান আলী আওয়ামী লীগ ছিলেন। তাই ইউপি সদস্য হিসেবে বাধ্য হয়ে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়েছিলাম। কর্নেল অলি আহমদ বীর বিক্রম একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাই ওনার দলে যোগদান করেছি। আগামী নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে তার পক্ষে কাজ করব ইনশাল্লাহ।
রোকেয়া বেগম বলেন, আমি এখন এ বিষয়ে কোন মন্তব্য করতে চাই না। এ বিষয়ে জানতে চাইলে আপনি আমার সাথে দেখা করেন। এরপর আমি আপনাকে বিস্তারিত জানাতে পারব।
চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি মো.এয়াকুব আলী, মনির চেয়ারম্যানসহ কেঁওচিয়া ইউনিয়নের চারজন এলডিপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, যোগদানকারীরা প্রাথমিক সদস্য পদ পূরণ করে আমাদের দলে যোগ দিয়েছেন। যে কেউ এক দল থেকে অন্য দলে যাওয়ার অধিকার রাখে। কারো বিরুদ্ধে যদি কোন দুর্নাম ও মামলা না থাকে তারা আমাদের দলে যোগ দিতে পারবেন।
আবু তালেবের বিরুদ্ধে মামলা থাকার বিষয়ে তিনি বলেন, বিষয়টি কেঁওচিয়া ইউনিয়ন নেতৃবৃন্দরা ভালো বলতে পারবেন। কারণ যোগদানকারীদের আমাদের কাছে নিয়ে এসেছেন কেঁওচিয়া ইউনিয়ন এলডিপি। তবুও এ রকম অভিযোগ থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর এইচ/
