বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে রোববার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ও চীনের মধ্যে রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির দ্বিপাক্ষিক যোগাযোগ সম্প্রসারণ।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে প্রতিনিধি দলটি বারিধারায় অবস্থিত চীনা দূতাবাসে যান। সেখানে তাদের স্বাগত জানান লিউ ইউইন।
প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এজেএম জাহিদ হোসেন; বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ঈসমাইল জবিউল্লাহ, সুকোমল বড়ুয়া এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল।
উল্লেখ্য, গত মাসেও চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিংয়ে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছিল বিএনপির আরেকটি প্রতিনিধি দল।
