বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বঙ্গোপসাগরের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, “শুধু বাংলাদেশই নয়, পার্শ্ববর্তী দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধির জন্যও বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জাতীয় অর্থনীতিকে শক্তিশালী ও টেকসই করতে এই সমুদ্র অঞ্চলকেই কাজে লাগাতে হবে।”
তিনি জানান, অন্তর্বর্তী সরকার একটি উৎপাদনমুখী ও আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্যে সমুদ্র সম্পদ ব্যবহারে হালনাগাদ ও নির্ভুল হাইড্রোগ্রাফিক তথ্য অপরিহার্য।
ড. ইউনূস বলেন, “সমুদ্রের তলদেশের সুনির্দিষ্ট মানচিত্র তৈরি করে একটি কার্যকর ও টেকসই সমুদ্রনীতি গড়ে তুলতে হবে। হাইড্রোগ্রাফিক পেশাজীবীদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।”
তিনি “সিবেড ম্যাপিং: এনাবলিং ওশান অ্যাকশন”—এই বছরের প্রতিপাদ্যকে সময়োপযোগী উল্লেখ করে বাংলাদেশ নৌবাহিনীসহ দিবসের আয়োজকদের শুভেচ্ছা জানান।
জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী মহীসোপান নির্ধারণ, সুনীল অর্থনীতি, সমুদ্র নিরাপত্তা, তেল-গ্যাস অনুসন্ধান ও উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনায় হাইড্রোগ্রাফি বিভাগের গুরুত্ব তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন—নৌবাহিনীর এই বিভাগ আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে।
আর এইচ/
