খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মোহাম্মদপুর অনির্বাণ স্পোর্টিং ক্লাব ৪-১ গোলের বিশাল ব্যবধানে মাইসছড়ি জিয়া স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শনিবার (২৪ মে) মহালছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। আয়োজক ছিল “মহালছড়ি ওয়াদুদ ফাউন্ডেশন”। মাসব্যাপী এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে জমকালো এই ফাইনাল ম্যাচের মাধ্যমে।
নির্ধারিত সময়ে দুই দল আক্রমণাত্মক খেলা উপহার দেয়। প্রথমার্ধে প্রথম গোল করে খেলার মোড় জিয়া স্মৃতি সংসদ নিয়ন্ত্রণে চলে যায়, পরে অনির্বাণ ক্লাব প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে তিনটি মোট চারটি দৃষ্টিনন্দন গোল করে তারা। জিয়া স্মৃতি সংসদ একটি গোল করলেও তা ম্যাচে কোনো পার্থক্য গড়তে পারেনি।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
তিনি বলেন, “মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা এবং সৌহার্দ্য গড়ে তোলে।” এছাড়াও তিনি মহালছড়ির ক্রীড়া ইতিহাস ও ঐতিহ্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, মোঃ আবু তালেব, মোঃ হোসেন বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

খেলার সেরা খেলোয়াড় হিসেবে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন মোহাম্মদপুর অনির্বাণ স্পোর্টিং ক্লাবের জুয়েল হোসেন, অনির্বাণ ক্লাবের খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শুরু হওয়ার আগে মহালছড়ি উপজেলা শিল্পকলার শিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়,পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, খেলোয়াড়, ক্রীড়া কর্মকর্তা, সাংবাদিক ও হাজারো দর্শক। দর্শকদের উপস্থিতি ও করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো টুর্নামেন্ট।
এই বছর “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে, যারা একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক খেলায় অংশ নেয়।
চট্টগ্রামনিউজ/ এসডি/
