আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের দারুত তাহফিজ বালক ও বালিকা মাদ্রাসার একটি কক্ষ থেকে মোহাম্মদ ওমাইর ( ৯ ) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ( ১৯ জানুয়ারি) বেলা ৩ টার দিকে ইউনিয়নের কালিবাড়িস্থ ইব্রাহিম টাওয়ারের ৩ তলায় অবস্থিত মাদ্রাসার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মাদ্রাসা পরিচালক হাফেজ আবদুর রহমান বলেন, এক সপ্তাহ আগে সে এখানে ভর্তি হয়। শিশু ওমাইর নাজারা বিভাগের ছাত্র। সে আমার আপন বোনের ছেলে।
তিনি আরো বলেন, বেলা ১২টার দিকে মাদ্রাসা কক্ষের জানালার সাথে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। এ সময় ওই কক্ষে কেউ ছিলনা, পরে আমি ইউনিয়নের চেয়ারম্যান ও পুলিশকে খবর দেয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে অবহিত করি। ঘটনার বিষয়ে খোঁজ খবর নিয়েছি । মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
নিহত ছাত্রের বাবা মোঃ ছৈয়দ বলেন , খবর পেয়ে মাদ্রাসায় এসে দেখি ছেলে লাশ হয়ে আছে । মাদ্রাসা পরিচালনার দায়িত্বে ছিলো আমার শ্যালক । কেন এবং কিভাবে তার মৃত্যু হয়েছে কোন কিছু বুঝতেছিনা। ওমাইর এর বন্ধুদের সাথে কথা বলেছি । তাঁরাও কোন কারণ জানেনা বলে জানিয়েছে ।
আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন , ঘটনার পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
