চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন বেলতলীঘোনা এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
আজ শনিবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে এতে মোবাইল কোর্ট পরিচালনাকালে একজনকে এস্কেভেটরসহ পাহাড়কাটা অবস্থায় হাতেনাতে ধরা হয়।
মোবাইল কোর্টে হালিশহর ইদগাহ এলাকার মো: শাহজাহান (৪০) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ও ব্যবহৃত এস্কেভেটর জব্দ করা হয়।
পাশাপাশি পাহাড়কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্দপূর্বক নিয়মিত মামলা করা হচ্ছে। রেকর্ডীয় ভিত্তিতে পাহাড়টি প্রায় ১১ একর জায়গায় অগ্রণী ব্যংক অফিসার্স কোওপারেটিভ হাউজিং সোসাইটির নামে চট্টগ্রাম মহানগরের আকবর শাহ এলাকার লটনয় পাহাড়তলি মৌজায় অবস্থিত।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরেজমিনে দেখা যায় আকবরশাহ এলাকার বেলতলী ঘোনায় রাস্তা করার নিমিত্তে ব্যপকভাবে পাহাড় কেটেছে।


অভিযানকালে পাহাড়কাটা অবস্থায় এস্কেভেটরসহ একজনকে আটক করা হয় এবং মোবাইল কোর্টে পাহাড়কাটার দায়ে অভিযুক্তকে ৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ও পাশাপাশি এস্কেভেটরটি জব্দ করা হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ইতিমধ্যেই আমরা পাহাড় কাটার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি। পাহাড় কাটার দায়ে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক নিয়মিত মামলার ব্যবস্থাসহ মোবাইল কোর্টে পরিবেশ আইনে জেল জরিমানা করা হয়েছে।
পাহাড় কাটার বিষয়ে আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড় কাটার দায়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরও ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহমেদ ও আকবরশাহ থানার সাব ইন্সপেক্টর আলাউদ্দিন ও এএসআই রায়হান উদ্দিন।
