ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে বান্দরবানের আলীকদমে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পাহাড়, ঝর্ণা ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জনপদ। পর্যটকদের উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় পর্যটন শিল্প, পরিবহন খাত এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো।
স্থানীয় সূত্রে জানা যায়, অনেক পর্যটক আলীকদমকে কেন্দ্র করে থানচি ও বান্দরবানের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করছেন। আবার কেউ কেউ থানচি থেকে তিন্দু, বড় পাথরসহ দুর্গম পাহাড়ি এলাকার ঝর্ণা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন ট্রেকিংয়ের মাধ্যমে। সবুজ পাহাড়, মেঘে ঢাকা চূড়া, আঁকাবাঁকা পাহাড়ি পথ এবং নিরিবিলি পরিবেশ পর্যটকদের দিচ্ছে এক ভিন্ন মাত্রার আনন্দ ও প্রশান্তি।
আলীকদম ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি মিন্টু কর্মকার বলেন, ঈদের ছুটিতে আলীকদমে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে স্থানীয় পর্যটন খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ উপকৃত হচ্ছেন। আমরা পর্যটকদের নিরাপদ ও আনন্দময় ভ্রমণ নিশ্চিত করতে সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে যাচ্ছি।
আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) উপন বড়ুয়া বলেন, “আলীকদমে যত পর্যটকই আসুক না কেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে। প্রতিটি পর্যটকের তথ্য আমাদের কাছে সংরক্ষিত থাকে এবং প্রয়োজনীয় পাস গ্রহণের মাধ্যমে তারা বিভিন্ন পর্যটন স্পটে যাতায়াত করেন। পর্যটকদের কাছে আলীকদম থানা ও উপজেলা প্রশাসনের যোগাযোগ নম্বর রয়েছে। যেকোনো সমস্যা বা প্রয়োজনে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বর্তমানে আলীকদমে কোনো ধরনের নিরাপত্তাজনিত সমস্যা নেই। পর্যটকরা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন। নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
টুরিস্ট পরিবহন সমিতির সদস্য সালাউদ্দীন বলেন, ঈদের ছুটিতে পর্যটকের সংখ্যা বাড়ার ফলে পরিবহন খাতে ইতিবাচক প্রভাব পড়েছে। প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক বিভিন্ন দর্শনীয় স্থানে যাতায়াত করছেন। তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।
এদিকে দেশের জনপ্রিয় ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর ও ‘বাংলার Bear Grylls’ খ্যাত NOVO ROSH ফাহিম শাহরিয়ার ও তার টিমকে শনিবার আলীকদমের পাহাড়ি পথে ট্রেকিং করতে আলীকদম বাজারের প্রস্তুতি নিতে দেখা গেছে । তার উপস্থিতি স্থানীয় ভ্রমণপ্রেমী ও তরুণদের মধ্যে উৎসাহের সৃষ্টি করেছে।
প্রাকৃতিক সৌন্দর্য, রোমাঞ্চকর ট্রেকিং রুট, পাহাড়ি সংস্কৃতি এবং দুর্গম অঞ্চলের অনন্য পরিবেশের কারণে আলীকদম ইতোমধ্যেই দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিতি লাভ করেছে। ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের ব্যাপক উপস্থিতি সেই জনপ্রিয়তারই প্রমাণ বলে মনে করছেন স্থানীয়রা।
চট্টগ্রাম নিউজ / এসডি/
