গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “জুলাই জাগরণ নবউদ্যমে বিনির্মাণ” শীর্ষক একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরীতে সকাল ১০টা ৩০ মিনিটে বহদ্দারহাট মোড় থেকে শুরু হওয়া র্যালিটি মুরাদপুর হয়ে ২ নম্বর গেইট এলাকায় গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন পাটোয়ারী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রনি, মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোহাইমিন পাটোয়ারী বলেন,
“জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে গেলেও আজও সেই সময় দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হয়নি। বরং গণহত্যার আসামিরা জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা দ্রুত বিচার দাবি করছি এবং বিচার বিভাগের কাঠামোগত সংস্কারের আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন,“বর্তমান সরকারে থেকেও কেউ কেউ আন্দোলনের শরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। এই অপপ্রয়াস শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি ছাড়া আর কিছু নয়। নতুন বাংলাদেশে বেঈমানদের কোনো জায়গা নেই।”
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল বলেন,“এই দিনে আমাদের অনুভূতি আনন্দ ও বেদনায় মিশ্রিত। গত বছর আজকের দিনে মেডিকেল মর্গগুলো লাশে পরিপূর্ণ ছিল, আর একই দিনে কুখ্যাত স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। অথচ আজ কিছু রাজনৈতিক শক্তি আন্দোলনের ভূমিকা অস্বীকার করছে—আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহীম হোসেন রনি বলেন,“৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ আমরা ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে যাচ্ছি। এই ঘোষণাপত্রে শহীদ ও আহতদের পূর্ণ স্বীকৃতি এবং পুনর্বাসনের বিষয়টি অন্তর্ভুক্ত না হলে জাতি আবারও একটি নতুন অভ্যুত্থানের দিকে ধাবিত হবে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ আলী বলেন,“গত বছর এই দিনে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী শাসকের পতন ঘটাতে সক্ষম হয়েছিলাম। ভবিষ্যতেও যদি আমরা শাহাদাতের চেতনায় ঐক্যবদ্ধ থাকি, তবে আর কোনো ফ্যাসিবাদ বাংলার মাটিতে টিকে থাকতে পারবে না।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন, মহানগর উত্তর শাখার সেক্রেটারি মুমিনুল হকসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
আর এইচ/
