মিরসরাইয়ে লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় ড্রামট্রাকের চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
রবিবার (২২ জুন) সকালে সাড়ে ৭টার দিকে মিরসরাইয়ের ঠাকুরদিঘি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে ৷
জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন – ড্রামট্রাক চালক মো. ফারুক হোসেন (৩৯)। সে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে৷ এবং চালকের সহকারী রবিউল ইসলাম (৩৫)। সে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চকতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে মহাসড়কের ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে ঢাকামুখী লেনে দ্রুত গতির ড্রামট্রাকটি ওভারটেক করার সময় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ধাক্কা দেয়৷ এসময় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়৷ ঘটনাস্থলেই চালক ও সহকারীর নিহত হন৷
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, চলন্ত লরির পেছনে ড্রামট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে৷ মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আর এইচ/
