কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরসভার সায়মা প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়। সাদা পোশাকে পুলিশের একটি দল তাকে আটক করে চকরিয়া থানায় নিয়ে যায় বলে জানা গেছে।
পরিবারের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন মামলায় আলমগীর চৌধুরীকে আসামি করা হয়। পরে এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন।
আলমগীর চৌধুরীর ভাই বিটু বলেন, ‘আমার ভাই বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। এরপরও তাকে আটক করা হয়েছে।’
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, উচ্চ আদালত থেকে জামিন পেলেও নিম্ন আদালতে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে নিয়ম অনুযায়ী জামিন নেওয়ার বিষয়টি আলমগীর চৌধুরী নিশ্চিত করতে পারেননি।
ওসি আরও জানান, চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকার এক বাসিন্দার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায়ও আলমগীর চৌধুরী আসামির তালিকায় রয়েছেন।
তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই মামলার বাদী ইতোমধ্যে আদালতে আপোষনামা দিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
