লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলায় অভিযুক্ত এক দম্পতিকে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী অস্ত্র,গুলি,নগদ টাকা,স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার (২০জুন) দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আধুনগর ইউনিয়নের খাসমহল এলাকায় মান্নান মুদির দোকানের সামনে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুলুল্যাখালী মাইজপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মনজুর আলম(৫২) ও তার স্ত্রী হাছিনা বেগম। বর্তমানে তারা পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের হিমছড়িপাড়া এলাকায় বসবাস করছেন।
পুলিশী সূত্রে জানা যায়, গ্রেফতার মনজুর আলমের সঙ্গে থাকা ব্যাগ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং তার স্ত্রী হাছিনা বেগমের ব্যাগ থেকে পাঁচ রাউন্ড গুলি, বিভিন্ন স্বর্ণালঙ্কার, নগদ ৪৮ হাজার ৫০০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, চট্টগ্রামের পটিয়া থানা এলাকায় ডাকাতি করে তারা পালাচ্ছিলেন। এদের মধ্যে মনজুর আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান, উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ডাকাতি মামলার সঙ্গে সংশ্লিষ্ট চারজনকে গ্রেফতার করে লোহাগাড়া থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া দম্পতি ওই ডাকাত দলের সক্রিয় সদস্য বলে ও জানা গেছে।
