আনোয়ারা উপজেলার রুস্তমহাটে অবস্থিত আধ্যাত্মিক সাধক হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর মাজার প্রাঙ্গণে আজ শুক্রবার (২০ জুন) তাঁর বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ওরশ আয়োজনে গৃহীত কর্মসূচি তুলে ধরেন মাজার পরিচালনা ও ওরশ উদযাপন কমিটির যুগ্ম মোতাওয়াল্লী এস.এম. জহিরুল ইসলাম। তিনি জানান, ওরশে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল, ধর্মীয় আলোচনা, আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণের আয়োজন করা হয়েছে। দেশব্যাপী থেকে আগত ভক্তদের জন্য থাকা-খাওয়া, বিশ্রাম ও নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ওরশকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও যানজট নিয়ন্ত্রণে আনোয়ারা থানা প্রশাসনও প্রস্তুতি গ্রহণ করেছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানিয়েছেন, ওরশ উপলক্ষে মাজার এলাকা এবং আশপাশে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
প্রসঙ্গত, প্রতি বছর ৬ আষাঢ় (২০ বা ২১ জুন) হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর ওরশ অনুষ্ঠিত হয়ে থাকে। এ উপলক্ষে বটতলীসহ আশপাশের গ্রামগুলো উৎসবের আমেজে মুখরিত থাকে। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি ঘরেই আত্মীয়-স্বজনদের আগমনে সৃষ্টি হয় মিলনমেলার পরিবেশ। দিনটি স্থানীয়ভাবে আধ্যাত্মিক সম্প্রীতির এক অনন্য উৎসব হিসেবে বিবেচিত হয়।
আর এইচ/
