কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে বাতিল করে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সচল রাখতে দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে।
মঙ্গলবার (১৭ জুন) চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই মনোনয়নের কথা জানানো হয়। যদিও বিজ্ঞপ্তি প্রকাশিত হয় বুধবার ১৮ জুন।
আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ ধারা অনুযায়ী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)- মনোনীত করা হয়েছে।
চরপাথরঘাটা ইউপিতে বর্তমানে চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে। স্থানীয় সরকার আইন অনুযায়ী, নতুন চেয়ারম্যান দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান ইউনিয়নের সকল প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন।
এর আগে ৪ জুন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের স্বাক্ষরিত চিঠিতে ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান হিসেবে পরিষদের দায়িত্ব পালন করতে বলা হয়।
এটি প্রকাশ হওয়ার পর থেকেই দফায় মানববন্ধন- বিক্ষোভ মিছিল এমনকি অনশন কর্মসূচি পালন করেন স্থানীয় ও ছাত্রজনতা। তাঁদের অভিযোগ, গত ১৬ বছর আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম এলাকার দরিদ্রদের অর্থ আত্মসাৎসহ নানা অপকর্ম করেছেন। অবশেষে মঙ্গলবার জেলা প্রশাসক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীর আলমকে বাতিল করে ইউএনওকে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়।
আর এইচ/মহিউদ্দিন
