চট্টগ্রামের আনোয়ারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজিরপাড়া শীলবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আগুনে জহুর লাল শীল, ডা. তপন শীল ও অমিত লাল শীল—এই তিন পরিবারের সম্পূর্ণ ঘরবাড়ি পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সাবেক দফাদার জহুর লাল শীলের বসতঘরের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের সহযোগিতায় আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত জহুর লাল শীল জানান, “আগুনে আমাদের তিনটি পরিবারের ঘরবাড়ি, নগদ ৫ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণসহ আনুমানিক ২০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছি।”
আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোহাম্মদ ইউসুফ বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আনুমানিক ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।”
আর এইচ/
