চটগ্রাম-১৬ আসনের বাঁশখালীর সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) বাঁশখালী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আবদুল হামিদের আদালতে মামলাটি দায়ের করেন কালীপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক।
বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন, অ্যাডভোকেট তকসিমুল গণি ইমন, অ্যাডভোকেট লুৎফুল হায়দারসহ বিপুল সংখ্যক আইনজীবী।
মামলার অভিযোগ সূত্র জানায়, বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশ ও আশ্রয়ে বাঁশখালীর কালীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, চাঁদাবাজি, জায়গা জমি এবং লিচু বাগান দখলসহ বিরোধী লোকজনের ঘরবাড়িতে আগুন দেন। বাদী সুনির্দিষ্ট অভিযোগ করে বলেন, বিগত ২৫.১২.২০২৩ এবং ২৫.০৭.২০২৪ তারিখে আসামিরা কালীপুরে তার লিচু বাগান দখল করেন। আসামিরা সাবেক এমপির নির্দেশে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার পাশাপাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত এই চেয়ারম্যানের ঘরবাড়ি ভাঙচুর করেন।
মামলার বাদী নুরুল হক জানান, আসামিরা একে অপরের পরামর্শ অনুযায়ী তাকে বিগত দিনগুলোতে দলীয় ক্ষমতার জোরে চরমভাবে নির্যাতন করেন। তার সন্তান ও পরিবারের সদস্যদের একের পর মিথ্যা মামলা দেন ও বিভিন্নভাবে হয়রানি করেন। তাকে বাড়ি ঘরেও থাকতে দেননি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, আদালতে একটি মামলা হয়েছে শুনেছি। আদেশের কপি হাতে পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট হেলাল উদ্দিন জানান, আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
