চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, প্রয়াত জননেতা এম এ হান্নান কখনো এম.পি ও মন্ত্রী ছিলেন না। মাত্র ৪৪ বছর বয়সে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাপত্র প্রথম পাঠ করে তিনি বাংলাদেশে মুক্তির সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিজের স্থানকে সুপ্রতিষ্ঠিত করে গেছেন। এ কারণেই তিনি যুগ যুগ ধরে প্রজন্ম পরম্পরায় জননন্দিত জননেতার আসনে অলংকৃত করে থাকবেন।
আজ (১২ জুন) বুধবার মরহুম এম এ হান্নানের ৫০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, আজ নেতা হওয়ার জন্য এবং এমপি মন্ত্রী হওয়ার জন্য যে দৌঁড় ও প্রতিযোগিতা শুরু হয়েছে তা অনেকটা রাজনৈতিক শিষ্টাচার বর্হিভুত। রাজনীতিতে প্রতিদ্বন্ধিতা ও প্রতিযোগিতা থাকবে কিন্তু তা যেন সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি না হয়। আমাদেরকে মনে রাখতে হবে ব্যক্তির স্বার্থ উদ্ধারের প্রতিযোগিতা নিজেকে গণধীকৃত করতে পারে। এই বোধ যদি না থাকে তাহলে একজন রাজনীতিকের ভাবমূর্তির পতন ঘটতে পারে। এম এ হান্নানের মত প্রয়াত নেতারা আমাদেরকে পথ দেখিয়ে গেছেন যে, ব্যক্তির স্বার্থের চেয়ে দল ও দেশের স্বার্থ সবচেয়ে বড়।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাত সহ দেশপ্রেম বর্জিত রাজনৈতিক অপশক্তি সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। তারা বিগত ১৬ বছর ধরে রাজনীতির মাঠে প্রকাশ্যে দৃশ্যমান না হলেও ক্ষমতায় আরোহন ও জবরদখলের জন্য নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। এমনকি ক্ষমতায় যাওয়ার জন্য তারা দেশকেও বিদেশের হাতে বিক্রি করে দিতে চায়। তারা ক্ষমতা চায় শুধুমাত্র লুন্ঠনের ভাগ-ভাটোয়ারার জন্য। তারা অতীতে ক্ষমতায় গেলেও কখনো জনগণকে কিছু দিতে পারে নি বরং রাজনীতি ও অর্থনীতিতে লুটেরা দুর্বৃত্তদের অনুপ্রবেশ ঘটিয়েছে।
তিনি আরো বলেন, নানামুখী বৈশ্বিক সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। করোনা পরবর্তী সময় এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহ আরো কিছু বৈশ্বিক সমস্যার কারণে বিশ্ব অর্থনীতিতে মন্দাভাব বিদ্যমান। এই অবস্থায়ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব ও অতি প্রয়োজনীয় নিত্য পণ্য সরবরাহ ব্যবস্থা চালু রাখতে সরকার ভুর্তুকি দিয়ে সূলভ মূল্যে এক কোটি পরিবারকে খাদ্য নিরাপত্তা দেওয়ার কর্মপ্রয়াস চলমান রেখেছে। এই তথ্য ও পরিসংখ্যান আমাদেরকে জনগণের কাছে পৌছে দিতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আগামী অক্টোবরের মধ্যেই মহানগর আওয়ামী লীগের সম্মেলন ও কার্যকরী পরিষদ গঠনের আগে যে সকল থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের সম্মেলন ও কমিটি গঠন করা সম্ভব হয়নি সেগুলো করে ফেলার জন্য যে সাংগঠনিক তৎপরতা চলমান রেখেছে তাতে প্রত্যেক স্তরের নেতাকর্মীদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং যে কোন মূল্যে সাংগঠনিক শৃঙ্খলা অটুট রাখতে হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো: হোসেন, যুব ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মো: জাফর আলম চৌধুরী, মো: জাবেদ, থানা আওয়ামী লীগের রেজাউল করিম কায়সার, মরহুমের সন্তান সৈয়দ মামুন, ওয়ার্ড আওয়ামী লীগের আবুল হাশেম বাবুল, ফয়েজ উল্লাহ বাহাদুর, হুমায়ুন আলম মুন্না, শেখ সরওয়ার্দী, মো: ইলিয়াছ সরকার। সভামঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাবেক সংসদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, সম্পাদকমন্ডলীর সদস্য হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, ইঞ্জি: মানস রক্ষিত, শহিদুল আলম, নির্বাহী সদস্য আবুল মনসুর, বখতিয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, ইঞ্জি: বিজয় কিষাণ চৌধুরী, মহব্বত আলী খান, হাজী রোটারিয়ান মো: ইলিয়াছ প্রমুখ।
এর আগে চৈতন্য গল্লিস্থ মরহুমের কবরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
