আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আর রহমান বেকারি ও জেসি ফুডকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ( ৩০ জানুয়ারি) বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত পৃথক এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন।
আরও পড়ুন : কর্ণফুলীতে ম্যাজিস্ট্রেটের অভিযান ৮০ কার্টুন বিস্কুট জব্দ
উপজেলার বৈরাগ ইউনিয়নের আমান উল্লাহ পাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমনের নেতৃত্বে আর রহমান বেকারি নামে প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় বিএসটিআইয়ের অনুমোদনহীন ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত বিস্কুট, রুটি, কেক তৈরি করে বাজারজাতকরণ এর কারণে ১৫০ কেজি বিস্কুট, রুটি, জব্দ করা হয় ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক উপস্থিত না থাকলেও প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আকতার হোসেন (৩১) এর উপস্থিত ছিলেন।
পরে জব্দকৃত পণ্যগুলো ১২ জন মৎসচাষীদের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে পরিচালনাকালে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এর কর্মকর্তা ফারহানা জাহান পারুল, প্রকৌশলী জিল্লুর রহমান।
অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিনের নেতৃত্বে উপজেলার কালাবিবির দিঘির মোড় এলাকায় অবস্থিত জেসি ফুড প্রোডাক্টস লিমিটেড নামের একটি ভুসি , আটা প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় । এসময় কারখানায় ওজন স্কেলের লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী ৪০ হাজার টাকা অথর্দন্ড প্রদান করা হয়। অভিযানে মামলা প্রদান করেন বিএসটিআই চট্টগ্রাম অফিসের কর্মকর্তাগণ।
আরও পড়ুন নগরীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৬টি বেকারীকে ১২ লাখ টাকা জরিমানা
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন বলেন, ওজন স্কেলের লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় জেসি ফুডে অভিযান পরিচালনা করা হয়েছে। কাগজপত্র ঠিক করে নেওয়ার জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন বলেন, অনুমোদনহীন ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত বিস্কুট তৈরি করে বাজারজাত করছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
