আনোয়ারা বরুমছড়ায় মো. জাহেদ (১৮) নামে এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে।
গত সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার বরুমছড়া ৪ নম্বর ওয়ার্ডের নলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ।
নিহত কিশোর বাঁশখালী উপজেলার মোহাম্মদ ফোরকানের ছেলে। তবে তারা দীর্ঘদিন ধরে বরুমছড়া ৪ নম্বর (ওয়ার্ড) নলদিয়া গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করত।
জানা গেছে, ভিকটিম গতকাল সোমবার সন্ধ্যায় দিকে নলদিয়া গ্রামের একটি সবজি ক্ষেতে বসে বিষ পান করে। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে পরিবারে খবর দিলে তারা সেখান থেকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় বরুমছড়া ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. এরফান বলেন, তারা দীর্ঘদিন ধরে এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে। ছেলেটি তেমন কিছু করত না। প্রায় ১৫ বছর আগে তার মা মারা গেছে। তখন থেকে সে মায়ের চিন্তা করত। তার মাথায় যেটা আসত সেটাই করত। এলাকায় মোটামুটি ভালো ছিল। কি কারণে সে এই ঘটনা ঘটাল বলতে পারতেছি না। তার সাথে কারও ঝগড়াটিও হয়নি।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : মামুনুর রশীদ বলেন, গতকাল সন্ধ্যার দিকে জাহেদ নামের একজন বিষ খাওয়া রোগী এসেছিল। তার অবস্থার অবনতি দেখে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠিয়েছি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, কি কারণে আত্মহত্যা করেছে সেটা এখনো জানা যায়নি। ময়নাতদন্ত করা হয়েছে রিপোর্ট পেলেই ঘটনার আসল করা জানা যাবে।
