কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল সড়কের আনোয়ারা প্রান্থে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় আনোয়ার ফারভেজ (৪৩) নামের এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় মোহাম্মদ বশির উদ্দিন (৩৮) ও মোহাম্মদ আজিম নামে দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোর পৌন ৬টার দিকে টানেল সড়কের আনোয়ারা প্রান্থের মোহাম্মদপুর এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে তিন জন যুবক সাইকেল চালিয়ে চায়না রাস্তার মাথার দিকে যাচ্ছিল। হঠাৎ আনোয়ারা প্রান্থ থেকে আসা একটি বেপরোয়া ট্রাক ৩জন বাই সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে একজন মারা যায় এবং অপর ২জন কে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা।
নিহত পারভেজ আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মোহাম্মদ সৈয়দের ছেলে। পরিবারে তার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি কোরিয়ান কেইপিজেডে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। সাইকেলে চালিয়ে মঙ্গলবার ভোরে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মায়মুনা বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় বশির উদ্দিন নামে একজনকে আনা হয় । প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
দুর্ঘটনার বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তার মধ্যে একজন নিহত রয়েছে। লাশ থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা হচ্ছে।
