আমাদের ওপর হামলা করলে আমরা মেনে নেব না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ও দলীয় প্রার্থী একেএম শামীম ওসমান।
রোববার (২৪ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় এ মন্তব্য করেন শামীম ওসমান।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে নিয়ে কাজ করবে। নারায়ণগঞ্জের প্রশাসন সক্রিয় আছে।
তারপরও কেউ বাড়াবাড়ি করলে, আমাদের ওপর হামলা করলে আমরা মেনে নেবো না। যদি দেখি সাধারণ জনগণের ওপর হামলা করছে, তাহলে ধৈর্য্যের বাঁধ রাখতে পারবো না।
তিনি বলেন, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। মানুষের মনে জায়গা করে নেওয়াই আমার চাওয়া।
এ সময় পুলিশের ভূমিকার প্রশংসা করে শামীম ওসমান বলেন, অবরোধ কেউ মানছে না, এটা সবাই জানে। আমাদের পুলিশ খুব ভালো কাজ করছে। নারায়ণগঞ্জে রেললাইন কাটতে গিয়ে বোমাসহ আজ তিনজন ধরা পড়েছে। এই অবরোধ মানুষ কেয়ার করছে না।
