পরিবেশের ভারসাম্য রক্ষার্থে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসন উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও জনহিতকর প্রতিষ্ঠানে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ১ লাখ ৭০ হাজার গাছের চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায় ,চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি)আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডের উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে পুরো জেলায় ২৩ লাখ বনজ ও ফলজ চারা বিতরণের ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী চট্টগ্রামের ১৫ টি উপজেলায় চারাগুলো বিতরণ করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, গাছ হচ্ছে পরিবেশের বন্ধু। প্রতিটি দেশের জায়গার অনুপাত অনুযায়ী শতকরা ২৫ ভাগ বন থাকা দরকার। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা ও মানুষকে সুরক্ষা দেয়। এজন্য বসত ভিটের খালি জায়গা ও পতিত জমিতে বনজ ও ফলজ চারা লাগানো উচিত। অন্যদিকে, গাছ মানুষকে অর্থনৈতিকভাবেও সহায়তা প্রদান করে।
