লোহাগাড়া উপজেলায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবী অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পদুয়া ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় লোহাগাড়া ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দেড় ঘন্টার দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পৌনে ৫ টায় ওই মার্কেটে হঠাৎ আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ৮টি দোকান পুড়ে যায়। আগুন লাগার ঘটনা ঘটলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দু ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। উপজেলা প্রশাসন, থানা পুলিশ, দোহাজারি হাইওয়ে পুলিশের টিম যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে।
স্থানীয়দের ধারণা মোটর সাইকেল ওয়ারলিং করার সময় অকটেনের মধ্যে ফুলকি পড়ে সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে।ক্ষতিগ্রস্থ দোকানের মধ্যে রয়েছে, গ্যাস সিলিণ্ডারের দোকান, অকটেন, চালের আড়ত, সিএনজি এবং মোটরসাইকেল ওয়ার্কশপ ও মোটরস পার্টসের দোকান।
অগ্নিকাণ্ডে ঘটনা নিশ্চিত করেছেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুণ উর রশিদ। তিনি বলেন , এই ঘটনা খুব মর্মান্তিক। এই অগ্নিকাণ্ডে আটটি দোকানে প্রায় সত্তর লক্ষ টাকা মত ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ নুরুল আলম জানান, আমার দুটি পার্টসের দোকান আগুন লেগে পুড়ে গেছে। আমি কোন কিছু বের করতে পারিনি।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্নায়েন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের অকটেনের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।
ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান জানান, ঘটনাটি শুনার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে।
