আনোয়ারায় জাটকা ইলিশ বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিক্রির উদ্দেশ্যে আনা ১৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কালাবিবির দিঘির মোড় মৎস্য আড়ৎ থেকে এসব মাছ জব্দ করা হয় ।পরে এসব জাটকা ইলিশ স্থানীয় ১২টি এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক, মেরিন ফিসারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মাছ ব্যবসায়ীরা হলেন- জুঁইদন্ডী ইউনিয়নের আব্দুস শুক্কুর (৩২), মোহাম্মদ ফোরকান (৫৫), মোহাম্মদ জামশেদ (৩৫), মোহাম্মদ আনিস (২৮)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন বলেন, গোপনে জাটকা ইলিশ শিকার করে বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
