স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির কর্মকাণ্ডই হচ্ছে সন্ত্রাস করা। সারাদেশে তারা জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ ঘটিয়েছিল। নাটোরেও তারা বাংলা ভাই সৃষ্টি করেছিল।
প্রধানমন্ত্রী যখন দেশে জঙ্গিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং সুন্দরবন দস্যুমুক্ত করলেন। যখন বাংলাদেশ শান্তিতে চলছিল তখন তারা আবারও দেশে সন্ত্রাসের রাজত্ব শুরু করলেন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে শহরের কানাইখালীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা নৈরাজ্যে ও জঙ্গিবাদে বিশ্বাস করি না, আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জনগণ আমাদের সঙ্গে যত দিন আছেন তত দিন আমরা এগিয়ে যাব। বাংলাদেশ তত দিন আলোকিত থাকবে। আমরা জনগণের ভরসায় চলি, জনগণকে সঙ্গে নিয়ে চলি।
তিনি বলেন, শেখ হাসিনা যতদিন বাংলাদেশে থাকবেন তত দিন দেশ আলোকিত থাকবে। শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নেই। শেখ হাসিনার বিকল্প শুধু মাত্র শেখ হাসিনা। নৌকার বিকল্প নৌকা। বাংলাদেশের ৭০ ভাগ জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হৃদয় দিয়ে ভালোবাসেন।
নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. শামীম ওসমান, নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শফিকুল ইসলাম শিমুল।
এ ছাড়াও সমাবেশে বক্তব্যে দেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারি, নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদসহ প্রমুখ।
