টানা দ্বিতীয় দিনের মতো গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৩৩ জন রোগী; এসময়ে এইডিস মশাবাহিত এ রোগে মারা গেছেন আরও ১৯ জন।
এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৭৫৮ জন এবং মোট ৯২৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত নতুন রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২২৩২ জন এবং ঢাকায় ৮০১ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ১৪৭ জন রোগী। এদের মধ্যে ঢাকায় ৩৬২২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬৫২৫ জন।
হাসপাতালে ভর্তি রোগী এবং মৃত্যুর এই সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এই সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের।
এ বছরের মাঝামাঝি থেকে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। জুনে পাঁচ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরের দুই মাসে তা ব্যাপক আকারে বেড়ে জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন এবং অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন।
এ মাসের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হতে হয়েছে ৬৬ হাজার ৯৫০ জনকে। রোগী ভর্তির পাশাপাশি মৃত্যুর সংখ্যাও জুনের পর থেকে বাড়তে থাকে। এ মাসে এখন পর্যন্ত ৩৩৫ জন মারা গেছেন। মাসওয়ারি হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে অগাস্টে; ওই মাসে মারা যান ৩৪২ জন।
