রাজধানীর লালবাগের ডজ ইন্ডাস্ট্রি নামের এক কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নেভানোর চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, সোমবার বেলা পৌনে ২টার দিকে ওই কারখানায় আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে।
ওই কারখানার অবস্থান মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের পাশে হওয়ায় শুরুতে মিষ্টির দোকানেই আগুন লেগেছে বলে শোনা গিয়েছিল।
ফায়ার সার্ভিস কর্মকর্তা (মিডিয়া) আনোয়ারুল ইসলাম জানান, যেখানে আগুন লেগেছে, সেই ডজ ইন্ডাস্ট্রিতে প্লাস্টিক মালামালের পাশাপাশি লোহার সরঞ্জামও আছে। পাশেই বেশ কিছু আবাসিক ভবন রয়েছে।
কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হল বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
