সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকার বিষয়ে একটি কর্মশালা আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন, যেখানে সাবেক নির্বাচন কমিশনার, নির্বাচন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেবেন।
নির্বাচন ভবনে আগামী ৪ অক্টোবর বেলা ১১টায় এই কর্মশালা হতে পারে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।
নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান রোববার সাংবাদিকদের বলেন, “অবাধ ভোটাধিকার প্রয়োগ জনগণের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ মৌলিক মানবাধিকার।
দীর্ঘ সময় ধরে দেশের নির্বাচন ব্যবস্থায় অনিয়ম ও কারচুপি নিয়ে বিভিন্ন মহলের অভিযোগসহ কালো টাকা ও পেশী শক্তির কারণে অবাধ ভোটাধিকার হরণ বা ব্যহত হয় বলে অধিকাংশের ধারণা।
এটা কখনও প্রত্যাশিত হতে পারে না। এমন বিরূপ বাস্তবতাকে প্রতিহত করতে প্রার্থী তার স্বার্থে ভোটকেন্দ্রের প্রতিটি বুথের জন্য একজন করে দক্ষ ও বিশ্বস্ত পোলিং এজেন্ট নিয়োগ করে থাকেন।
এমন বাস্তবতায় ভোটাধিকার প্রার্থী ও পোলিং এজেন্টের ভূমিকা বিষয়ে একটা কর্মশালা অক্টোবরের প্রথম সপ্তাহে আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
কর্মশালায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, সাবেক জ্যেষ্ঠ নির্বাচন কমিশন কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা অংশ নেবেন বলে জানান তিনি।
নির্বাচনে অনিয়ম ও কারচুপি রোধে প্রার্থীর পক্ষে পোলিং এজেন্টের ভূমিকা, পোলিং এজেন্ট তার প্রার্থীর পক্ষে আইন ও বিধি অনুযায়ী কীভাবে দায়িত্ব পালন করে নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে পারে, নির্বাচনের ফলাফলে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটিয়ে কীভাবে জনপ্রতিনিধি নির্বাচিত করা যেতে পারে, প্রার্থী কী ধরনের পোলিং এজেন্ট নিয়োগ করবেন এবং কীভাবে তাকে দায়বদ্ধ করবেন- এ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে কর্মশালায়।
আহসান হাবিব খান বলেন, মূল উদ্দেশ্য হচ্ছে আলোচনার মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণে প্রার্থী ও পোলিং এজেন্টের ভূমিকাকে স্পষ্ট করা এবং ভোটার, রাজনীতিবিদ ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য গণমাধ্যমের বদান্যতায় তা অবহিত করা।
