সংখ্যালঘু সম্প্রদায়কে দেওয়া আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও সংখ্যালঘু সুরক্ষা আইনের দাবিতে অনশনরত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা দ্বিতীয় দিনে এসে অনশন ভেঙেছেন।
আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তকে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার।
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশনের দ্বিতীয় দিন শনিবার অসুস্থ হয়ে পড়েন রানা দাশগুপ্ত এবং আরও কয়েকজন নেতা। রানা দাশগুপ্তসহ তাদের কয়েকজনকে স্যালাইন দেওয়া হয়।
শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, ‘বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন। কবির আনোয়ার স্যার এসে বিকালে অনশন ভঙ্গ করিয়েছেন। এই কর্মসূচি এখন শেষ হয়ে গেছে।
গত শুক্রবার থেকে ঐক্য পরিষদের নেতাকর্মীরা দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে আওয়ামী লীগের দেওয়া নির্বাচনী বাস্তবায়নের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশন শুরু করে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এ অবস্থান ও অনশন কর্মসূচি রোববার সকাল ছয়টায় শেষ হওয়ার কথা ছিল।
তাদের দাবির মধ্যে ছিল সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, সমতলে আধিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশনসহ সরকারি দলের গত নির্বাচনের ইশতেহারে প্রতিশ্রুতি দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়ন করা।
