কোভিড মহামারীর ক্ষত কাটিয়ে ওঠার মধ্যেই রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের কারণে সরবরাহ কমে বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি এবং পণ্যমূল্য বেড়েছে।
এমন প্রেক্ষাপটে ইউক্রেইন থেকে শস্য সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অকার্যকর হয়ে পড়া ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ দ্রুত পুনরুদ্ধারের আহ্বান জানান।
শুক্রবার বাংলাদেশ সময় রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ভাষণে শেখ হাসিনা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য নিরবচ্ছিন্নভাবে সারের প্রাপ্যতা নিশ্চিত করার আহ্বানও জানান।
বরাবরের মতই বাংলায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, জ্বালানি ও খাদ্য আমদানিকারক দেশ হিসেবে আমাদের আমদানি বিল উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
বাংলাদেশে মানুষের এসব চ্যালেঞ্জ সত্ত্বেও, আমরা প্রতিটি মানুষের জন্য খাদ্য নিশ্চিত করেছি। আমরা নিম্ন আয়ের ১ কোটি মানুষকে সাশ্রয়ী দামে চাল ও অন্যান্য সামগ্রী সরবরাহ করছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি।
২০২২ সালে গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ গঠন এবং এর মাধ্যমে বৈশ্বিক খাদ্য, শক্তি এবং অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় প্রচেষ্টা অব্যাহত রেখে বিভিন্নমুখী সমস্যার সমাধানের জন্য জাতিসংঘ মহাসচিবকে বিশেষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
