বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, বিশেষ করে ভোটের আগে অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে পদক্ষেপ নিতে বলেছে সংসদীয় কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, দীপংকর তালুকদার, এ বিএম ফজলে করিম চৌধুরী, বাসন্তী চাকমা এবং নোমান আল মাহমুদ বৈঠকে অংশ নেন।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বান্দরবান জেলার লামা উপজেলার ডলুছড়ি মৌজায় ম্রো ও ত্রিপুরা সম্প্রদায় এবং লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে জমি দখল নিয়ে অসন্তোষ ও দ্বন্দ্ব নিরসনে সাব-কমিটির রিপোর্ট পর্যালোচনা করা হয়।
এছাড়া তিন পার্বত্য জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জেলার বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অবৈধ আগ্নেয়াস্ত্র যেন দেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে কমিটি সুপারিশ করে।
