ফটিকছড়িতে রাতের আঁধারে জমির উদ্দিন নয়ন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
সোমবার ৭ আগস্ট রাত ১১ টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কুলাল পাড়ার পাশে সাদ্দামের খামার সংলগ্ন এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। লাশের মাথায় একাধিক কোপ রয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে একটি কিরিচ ও দুইটি মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।নিহত নয়ন পাশ্বর্বতী খিরাম ইউনিয়নের হচ্ছার ঘাট এলাকার কবির আহমদ তালুকদার বাড়ির জনৈক জাবেদুল আলমের একমাত্র পুত্র।পরদিন নিহতের স্ত্রী তানজু মনি বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহতের মামা আব্দুল মাবুদ সাকিব জানান, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নয়ন ও আমি মোটর সাইকেল নিয়ে কেবিএম ব্রিক ফিল্ড দিয়ে চলে যাচ্ছিলাম। এ সময় বেশ কয়েকজন যুবক অস্ত্র নিয়ে আমাদের গতিরোধ করে। ডাকাত মনে করে আমি পালিয়ে যাই। দূর থেকে দেখতে পেলাম অস্ত্রধারীরা নয়নকে ধরে সত্তা খালের দিকে নিয়ে যায়। পরে তাকে খুঁজতে গিয়ে খাল সংলগ্ন বালু মহালের পাশে নয়নের লাশ পড়ে থাকতে দেখা যায়।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি মীর মো: নুরুল হুদা বলেন খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রী বাদী হয়ে স্থানীয় ৯ জনকে সুনির্দিষ্ট এবং ১০/ ১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পাওনা টাকা ও ব্যবসায়িক আধিপাত্য নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে।আসামীদের ধরতে অভিযান চলছে।
