আনোয়ারা উপজেলার গুজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিল্ক ফিডিং কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করছে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রাণি সম্পদ অধিদফতরের প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।
রবিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার হাইলধর ইউনিয়নের উক্ত বিদ্যালয়ে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে দুধের প্যাকেট তুলে দিয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন এর সভাপতিত্বে ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ শ্যামল চন্দ্র দাশ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সমরঞ্জন বড়ুয়া।
এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) আনোয়ারুল কাদের, হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কলিম উদ্দিন,গুজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাকিয়া খাতুনসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, শিশু শিক্ষার্থীদের নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত দুধ পান করার মাধ্যমে পুষ্টির চাহিদা মেটাতে আনোয়ারা উপজেলার একটি বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীকে বিনামূল্যে প্রতিদিন ২০০ মিলি লিটার করে প্যাকেটজাত তরল দুধ প্রদান করা হবে। আগামী ২০২৫ সাল পর্যন্ত এ প্রকল্প চালু থাকবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।
