কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ফাইভ মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (৮ জুলাই) ৮ এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (৭ জুলাই) রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা সবাই রোহিঙ্গা দুষ্কৃতিকারী বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোস্তাক আহমেদের ছেলে এনাম উল্লাহ (২৩), শাকের উল্লাহর ছেলে এবাদত উল্লাহ (২৫), উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ শাকেরের ছেলে আরিফ উল্লাহ (৩০), উখিয়ার বালুখালী ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ ফোরকান (২৩), মৃত ফকির আহমদের ছেলে বি রহমান (৩৪) ও খাইরুল বাশারের ছেলে মোহাম্মদ জুবায়ের (২৯)।
৮ এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, গত শুক্রবার ভোরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও সন্ত্রাসী বাহিনীর মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। এ সময় পাঁচ রোহিঙ্গা নিহত হয়।
পরে একই দিন রাতে পাহাড়ের ঢালু থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলমান। আরও তথ্য-উপাত্ত সংগ্রহের পর বিস্তারিত জানানো হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে ধরতে অভিযান অব্যাহত আছে।
